× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:৫৫ এএম

কদর বেড়েছে পারিবারিক নাটকের

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:৫৫ এএম

কদর বেড়েছে পারিবারিক নাটকের

গত কয়েক বছরে নাটক মাত্র ২-৩ জন শিল্পী নিয়ে শুধু নায়ক-নায়িকা কেন্দ্রিক রোমান্টিক বা সস্তা কমেডি ঘরানার দিকে ঝুঁকে পড়েছিল। তবে দর্শক এখন সেই একঘেয়েমি থেকে বের হয়ে জীবনঘনিষ্ঠ ও পারিবারিক বন্ধনের গল্পগুলো বেশি পছন্দ করছেন। শুধু প্রেম-ভালোবাসার বৃত্ত থেকে বেরিয়ে দর্শক এখন মা-বাবা, ভাই-বোন ও যৌথ পরিবারের আবেগ-অনুভূতির গল্প দেখতে চান। দর্শক নাটকের মধ্যে নিজেদের জীবনের প্রতিফলন বা চারপাশের চেনা সামাজিক ও পারিবারিক সম্পর্কগুলোর টানাপড়েন খুঁজতে ভালোবাসেন।

বর্তমানে টেলিভিশন ও ইউটিউবে বেশ কিছু পারিবারিক একক ও ধারাবাহিক নাটক দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। তার মধ্যে রয়েছে ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ধারাবাহিকটি পরিবার, সম্পর্ক ও মায়াবোধের গল্প নিয়ে তৈরি হয়ে ব্যাপক জনপ্রিয় হয়েছে। পারিবারিক গল্পের আরেকটি বহুল আলোচিত ও দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে ‘দেনা পাওনা’। এই তালিকায় আরও আছে ‘তোমাদের গল্প’ ও ‘একান্নবর্তী’ ইত্যাদি নাটকগুলো।

যৌথ পরিবারের বন্ধন এবং ঐতিহ্য নিয়ে নির্মিত এই নাটকগুলো দর্শকরা বেশ পছন্দ করেছেন। বাবাদের ত্যাগ ও পরিশ্রমের আবেগঘন গল্প নিয়ে নির্মিত ‘বাবাও মানুষ’ একক নাটকটি দর্শকদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে। এই নাটকগুলো দর্শকপ্রিয়তা পেলে এখন অনেকেই পারিবারিক গল্প নিয়ে নতুন করে ভাবছেন।

নায়ক-নায়িকা নির্ভর নাটক কমে যাওয়ায় একসময় নাটকে মা-বাবা বা অভিভাবক চরিত্রগুলো হারিয়ে যাচ্ছিল, যার ফলে জ্যেষ্ঠ শিল্পীরা কাজ হারাচ্ছিলেন। পারিবারিক নাটক আবার তৈরি হওয়ায় আমাদের দেশের গুণী ও অভিজ্ঞ অভিনয়শিল্পীরা পর্দায় ফিরে আসছেন এবং নাটকের গভীরতা বাড়িয়ে দিচ্ছেন।

ইউটিউব ও টেলিভিশনে ভিউ বা দর্শকপ্রিয়তার ট্রেন্ড পরিবর্তন হওয়ায় এখন প্রযোজক ও পরিচালকরাও আবার ফ্যামিলি ড্রামা বা গল্পপ্রধান নাটক নির্মাণে বেশি আগ্রহী হচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘এই শহর এই পরিবার’। এর মাধ্যমে প্রথমবারের মতো ধারাবাহিক নাটকের মূখ্য চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক প্রত্যয় খান। সম্রাট জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় নতুন এই ধারাবাহিকটি গত রোববার থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে। প্রচারিত হবে প্রতি রোব ও সোমবার রাত ৮টায়। ফিল্ম ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলে প্রতি বুধ ও বৃহস্প্রতিবার বিকেল তিনটায় আগামীকাল থেকে অবমুক্ত হবে।

‘এই শহর এই পরিবার’ ধারাবাহিকে প্রত্যয় অভিনয় করেছেন অপু নামের চরিত্রে। তার বিপরীতে রয়েছেন তানিয়া বৃষ্টি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, শামীমা নাজনীন, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, মাহমুদুল ইসলাম মিঠু, আহমেদ শিবলু, শাওন মজুমদারসহ অনেকে।

দর্শক এখন পারিবারিক গল্প বেশ পছন্দ করছেন জানিয়ে রূপালী বাংলাদেশকে সাবেরী আলম বলেন, ‘এখন পারিবারিক গল্পকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে ‘এই শহর এই পরিবার’ নাটকের গল্প আমাদের সমাজের বিভিন্ন ঘটনা নাটকীয়তার মাধ্যমে তুলে ধরা হয়েছে। পারিবারিক নাটকের দর্শকপ্রিয়তা বেড়েছে এটা খুবই আনন্দের খবর। এখন সিনেমা ও নাটকের আমূল পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। এটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ইতিবাচক। ধারাটা অব্যাহত থাকুক।’

নির্মাতা সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘শহুরে ব্যস্ত জীবনে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসার বন্ধন, ত্যাগ ও পারিবারিক দায়িত্ববোধের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকটি। পরিবারই একজন মানুষের সবচেয়ে বড় শক্তির জায়গা, ভরসার জায়গা। সেই মূল্যবোধই প্রতিফলিত হবে এই ধারাবাহিকে।’

প্রথমবার কোনো ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত প্রত্যয়। তিনি বলেন, ‘ছোটবেলায় পার্থ সরকারের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলাম। পরিণত বয়সে এটাই আমার প্রথম অভিনীত নাটক। গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছি। নাটকটিতে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। অভিনয়ের পাশাপাশি এই ধারাবাহিকের ব্যাকগ্রাউন্ড স্কোর অর্থাৎ পুরো নাটকের অডিও প্রোডাকশনটা আমার করা। তাই এই ধারাবাহিকের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। নাটকটির গল্প এককথায় অসাধারণ। আমার প্রত্যাশা, নাটকটি দর্শকেরা আগ্রহ নিয়ে উপভোগ করবেন।’

প্রত্যয় জানান, শফিক তুহিনের লেখা ‘এই শহর এই পরিবার’ শিরোনামে ধারাবাহিকটির টাইটেল গানে সুর করার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন তিনি। দ্বৈতকণ্ঠের গানটিতে তার সঙ্গে গেয়েছেন কোনাল।

বিটিভির সোনালি যুগের সেই ‘এইসব দিনরাত্রি’, ‘আজ রবিবার’ কিংবা ‘বন্ধন’-এর মতো পারিবারিক নাটকের যে ঐতিহ্য ছিল, বর্তমানের এই নতুন ধারাটি দর্শকদের আবার সেই স্মৃতির কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন নাটক সংশ্লিষ্টরা।

রূপালী বাংলাদেশ

Link copied!