নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ বাগ্যা এলাকায় স্লুইসগেট বাজার থেকে মুজিবনগর বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক ৪২ বছরেও পাকাকরণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় প্রায় ২০ হাজার মানুষ। দ্রুত সড়কটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার দক্ষিণ বাগ্যা গ্রামের স্লুইসগেট বাজার-মুজিবনগর বেড়িবাঁধ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. হেলাল উদ্দিন মাঝি, মো. খোকন মাঝি, বাদশা আলম, বিবি ফাতেমা, ফারজানা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার পর ১৯৮২ সালে সড়কটি নির্মিত হলেও দীর্ঘ চার দশকের বেশি সময়েও এটি পাকা হয়নি। আশপাশের অন্যান্য সড়ক উন্নয়ন হলেও এই গুরুত্বপূর্ণ সড়কটি অবহেলিত রয়ে গেছে বলে তারা অভিযোগ করেন।
তারা আরও বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ কাদা ও পানিতে তলিয়ে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল ও পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। শুষ্ক মৌসুমে সড়কে ধুলাবালির কারণে জনজীবন বিপর্যস্ত হয়, যার প্রভাবে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে কৃষকরাও ক্ষতির মুখে পড়ছেন। উৎপাদিত ফসল সময়মতো বাজারে নিতে না পারায় ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না এবং অনেক ক্ষেত্রে পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিদিন কাদা, পানি ও ধুলাবালির মধ্য দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে, ফলে তাদের উপস্থিতি কমে যাচ্ছে এবং ঝরে পড়ার ঝুঁকি বাড়ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিনের অবহেলায় তারা মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা প্রকৌশলী মো. হাফিজুল হক বলেন, ‘সড়কটির জন্য নতুন আইডি খোলা হয়েছে এবং বরাদ্দের জন্য পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সড়কটি পাকাকরণ করা হবে।’

