ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

মুক্তিযোদ্ধার ঘর নির্মাণে স্থবিরতা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:১৯ এএম

বরিশালের গৌরনদীতে এক বীর মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণকাজে পার্সেন্টেজ বা কমিশন না পাওয়ায় ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাসের বিরুদ্ধে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মামুন দর্জি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গৌরনদী পৌর এলাকার বড় কসবা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. খলিল দর্জির বাড়িতে একটি ভবন নির্মাণাধীন রয়েছে। ভবনটির ছাদ ঢালাইয়ের জন্য প্রায় এক মাস আগে রড বাঁধাইয়ের কাজ সম্পন্ন করা হলেও এখন পর্যন্ত ঢালাই শুরু হয়নি। ফলে বৃষ্টির পানিতে রড ভিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট সরকারি প্রকৌশলী সরেজমিনে পরিদর্শন করে ছাদ ঢালাইয়ের অনুমতি দিলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস ভবনটি পরিদর্শন না করেই কাজ বন্ধ রাখেন। খোঁজ নিয়ে জানা গেছে, নেয়ামুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। তবে সাব-ঠিকাদার হিসেবে কাজ পরিচালনা করছেন মো. রিফাত বেপারী।

সাব-ঠিকাদার রিফাত বেপারী অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে পিআইও কার্যালয়ে পাঠিয়েছেন। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজের বিল ছাড় করতে ৬ শতাংশ অর্থ দাবি করেন। পরে সেটি ৪ শতাংশে নামিয়ে আনেন। দাবি করা অর্থ পরিশোধ না করলে ফাইল ঢাকায় পাঠানো হবে না বলে জানানো হয়েছে। ফলে বিল না পাওয়ায় ছাদ ঢালাইয়ের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাসের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।