ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

হাসপাতালগামী সড়ক বেহাল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:২৩ এএম

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের পশ্চিম ওয়াপদা বাঁধের সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি ব্যবহার করে প্রতিদিন অসংখ্য মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করলেও বর্তমানে খানাখন্দ, কাদা ও ভাঙাচোরা অংশের কারণে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও সাধারণ মানুষ। জানা গেছে, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন। কিন্তু হাসপাতালগামী প্রধান সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও কাদামাটির কারণে রোগীবাহী যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশে পানি জমে কাদায় পরিণত হয়, ফলে পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের সঙ্গে যোগাযোগের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সংস্কার করা হলে রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। এলাকাবাসী জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।