পটুয়াখালীর কুয়াকাটায় ২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনাবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুয়াকাটার একটি হোটেলের সম্মেলন কক্ষে পটুয়াখালী জেলা মৎস্য অফিসের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মৎস্য বন্দর আলীপুর, মহিপুর ও কুয়াকাটার প্রায় দেড় শতাধিক জেলে, আড়তদার এবং মৎস্যজীবী অংশগ্রহণ করেন। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল উপপরিচালক মো. মহসিন, দুমকী ও মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু এবং সাধারণ সম্পাদক হোসাইন আমির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

