ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে পার্থে বিস্ফোরক সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে মাত্র দুই দিনেই জয় এনে দেন ট্রাভিস হেড। ওপেনিংয়ে নেমে ৮৩ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই অস্ট্রেলিয়ান। এবার সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ব্রিজবেনে। এ ম্যাচেও যদি হেড ওপেনিংয়ে ব্যাটিং করতে নামেন, তাহলে তাকে মোকাবিলা করতে ইংল্যান্ড প্রস্তুত আছে বলে জানালেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। হেডকে থামানোর পরিকল্পনা ইংলিশদের সাজানো আছে।
টেস্টে মূলত মিডল অর্ডারে খেলেন ট্রাভিস হেড। সাদা পোশাকে ওপেনিংয়ে তাকে দেখা যায় কালেভদ্রে। ইনিংস শুরু করার সর্বশেষ সুযোগটি তিনি কাজে লাগান দারুণভাবে। তাই টেস্টেও তাকে ওপেন করানো নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলছে আলোচনা। ইংল্যান্ড পেসার ব্রাইডন কার্স বললেন, এমন কিছু হলে প্রস্তুত আছেন তারাও। অ্যাশেজের পার্থ টেস্টে দুই ইনিংসেই ওপেন করতে দেখা যায়নি নিয়মিত ওপেনার উসমান খাওয়াজাকে। প্রথম ইনিংসে জ্যাক ওয়েদেরল্ডের সঙ্গে ওপেন করেন মার্নাস লাবুশেন। পরে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ওয়েদেরল্ডের সঙ্গী হন হেড। টেস্টে নবমবারের মতো ইনিংস শুরু করতে নেমে ইংলিশ বোলারদের গুঁড়িয়ে খুনে সেঞ্চুরি উপহার দেন হেড। পাল্টা আক্রমণে ৬৯ বলে করেন শতক। ৮৩ বলে ১২৩ রানের ইনিংস খেলে দুই দিনেই দলকে এনে দেন মনে রাখার মতো জয়। এমন ব্যাটিংয়ের পর সামনেও হেডকে ওপেন করানোর কথা বলছেন অস্ট্রেলিয়ার সাবেকদের অনেকে। হেডেরও অবশ্য আপত্তি নেই এতে। ব্রিজবেনে বৃহস্পতিবার শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। দিবা-রাত্রির এই ম্যাচে যদি হেড ওপেন করেন, তাহলে তাকে থামানোর পথ জানা আছে ইংলিশদের, বললেন কার্স। তিনি বলেন, ‘আমার মনে হয়, মানসম্পন্ন একজন ক্রিকেটারের অসাধারণ এক ইনিংস ছিল সেটি। যদি সে আবার ইনিংস শুরু করে, তাহলে আমাদের কিছু পরিকল্পনা আছে, যা আমরা কাজে লাগাব।’ তিনি আরও বলেন, ‘তবে আবারও বলছি, আমার মনে হয় না মানসিকতায় কোনো পরিবর্তন হয়েছে।
সেদিন বিকেলে তার একটা অসাধারণ সময় কেটেছে... আমাদের সামনে যে বাধাই আসুক না কেন, আমরা আমাদের পরিকল্পনায় অটল থাকব।’ ৬১ টেস্টের ক্যারিয়ারে সবচেয়ে বেশি পাঁচ নম্বরে ব্যাটিং করেন হেড। এই পজিশনে ৭৪ ইনিংসে ৮ সেঞ্চুরিতে রান করেন ২ হাজার ৮৬১। ছয় নম্বরে ১৯ ইনিংসে এক সেঞ্চুরিতে তার রান ৭৬৬। তিনে ব্যাটিং করেন তিনি স্রেফ একবার, করেন ৩৬ রান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন