এডিশনাল আইজিপি পদে পদোন্নতি লাভের পর নিজ জন্মভূমি শিবচরে আগমন করেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ও শিবচরের কৃতি সন্তান রেজাউল করিম মল্লিক। মঙ্গলবার সকাল ৯টায় তিনি নিজ বাসভবনে পৌঁছে প্রথমে মরহুম পিতার কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পরে তিনি শিবচর থানায় গিয়ে ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও জনসেবার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান।
থানায় অবস্থানকালে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে তিনি একটি গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তার এ উদ্যোগকে স্বাগত জানান।
এ ছাড়া শিবচর উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পদোন্নতিপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তাকে শুভেচ্ছা জানাতে এবং তার সঙ্গে কুশল বিনিময়ের জন্য স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

