বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মুনির হত্যা মামলার অন্যতম আসামি ও তালোড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে দুপচাঁচিয়া থানাধীন তালোড়া পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুপচাঁচিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মুনির হত্যা হয়। এই হত্যাকাণ্ডের দায়েরকৃত মামলার তদন্তে আবু তাহের রানার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামি আবু তাহের রানাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকালে তাকে বগুড়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

