ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার উদ্বোধন 

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি : সংগৃহীত

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) সকালে সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে এ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করেন।

উদ্বোধনকালে সিএমপি পুলিশ কমিশনার বলেন, সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের মাধ্যমে নাগরিকদের অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও ঘটনার ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া হবে।

তিনি আরও বলেন, সাইবার অপরাধ সংক্রান্তে স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা ও পাসওয়ার্ড সুরক্ষা, গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়েও পরামর্শ দেয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সহায়তা প্রদানসহ সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।