গাজীপুর জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনার দায়ে শরীফ জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাশরীফুল ইসলাম। অভিযানে দেখা যায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়াই শরীফ জেনারেল হাসপাতাল নামে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজীপুর জেলা এনএসআইয়ের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জরিমানার অর্থ পরিশোধ করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাশরীফুল ইসলাম বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় লাইসেন্স ও সরকারি বিধিবিধান অনুসরণ করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
তিনি আরও জানান , লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন