গাজীপুর মহানগরীর কাশিমপুরে আলোচিত মতিন অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন গাজীপুর মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও অত্র ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী এস.কে. রানা ওরফে সোহেল রানা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ দুপুরে মহানগরীর সুরাবাড়ী এলাকা থেকে মতিন নামের এক ব্যক্তিকে অপহরণ করে একটি চক্র। অপহরণের পর তাকে একটি সাদা প্রাইভেটকারে করে সারদাগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে।
এ সময় অন্য একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশে ওই এলাকায় অভিযান পরিচালনা করছিলেন কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন। অভিযানের সময় একটি নির্জন স্থানে সন্দেহজনকভাবে অবস্থানরত প্রাইভেটকার ও কয়েকজন ব্যক্তিকে দেখে পুলিশ ধাওয়া দেয়। একপর্যায়ে অপহৃত মতিনকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মতিন পুলিশকে জানান, অপহরণকারীরা তাকে মুক্তি দেওয়ার শর্তে পরিবারের কাছ থেকে দ্রুত ১০ লাখ টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করছিল। তবে পুলিশের দ্রুত ও কার্যকর তৎপরতায় অপহরণকারীদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।
ঘটনার পর কাশিমপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক বিল্লাল দেওয়ানকে পূর্বে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন বলে জানা গেছে।
মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার (৮ জুন) রাতে হাতীমারা এলাকা থেকে এস. কে. রানা ওরফে সোহেল রানাকে গ্রেপ্তার করে কাশিমপুর থানা পুলিশ।
এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পৃথক আরও দুটি মামলার দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন