ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৫:৩৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারী জিহাদসহ আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের উদ্দেশে একটি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন চালক সজীব ও তার সহকারী জিহাদ। পথে ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক সজীব নিহত হন। এ সময় তার সহকারী জিহাদসহ অপর ট্রাকের চালক ও সহকারী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নিহত সজীবের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।