মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন উত্তর চর আইর কান্দি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চর আইর কান্দি এলাকার বাসিন্দা রেজাউল হাওলাদারের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, মূল্যবান মালামাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে বসতবাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি গবাদিপশুরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানা গেছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন