ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

আজ ‘ছায়া বাজেট’ পেশ করবে জামায়াত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৩১ এএম
ছবি : সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে আজ প্রস্তাবিত ‘ছায়া বাজেট’ উপস্থাপন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটি তাদের বিকল্প বাজেট প্রস্তাব প্রকাশ করবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সংবাদ সম্মেলনে দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় বাজেটের বিভিন্ন খাত নিয়ে জামায়াতের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজস্ব নীতি, ব্যয় পরিকল্পনা এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রস্তাব ছায়া বাজেটে তুলে ধরা হবে।

এর আগে গত শুক্রবার জামায়াত-সমর্থিত ১১ দলীয় ঐক্যের শরিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) পৃথকভাবে একটি ছায়া বাজেট উপস্থাপন করে। সেখানে দেশের অর্থনীতির বিভিন্ন খাত নিয়ে ৭১টি সুপারিশ তুলে ধরা হয়।

রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় বাজেট ঘোষণার আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর ছায়া বাজেট অর্থনৈতিক নীতির বিকল্প চিন্তা ও প্রস্তাবনা জনগণের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে সরকারের বাজেট প্রস্তাবের পাশাপাশি ভিন্নমত ও বিকল্প পরিকল্পনাও আলোচনায় আসে।

জামায়াতের প্রস্তাবিত ছায়া বাজেটে অর্থনীতি, কর্মসংস্থান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।