মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) মালয়েশিয়া সময় সন্ধ্যা ৬টার কিছু পরে বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম পিবিএন নিউজের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পিবিএন নিউজের সম্পাদক ওয়াহিদ সোহান, যমুনা টেলিভিশন ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার মালয়েশিয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামান।
সাক্ষাৎকালে প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমের সঙ্গে বিদ্যমান দূরত্ব কমিয়ে দেশের বৃহত্তর স্বার্থে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তিনি বিশেষভাবে পিবিএন নিউজের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে মালয়েশিয়ায় কর্মরত সকল বাংলাদেশি গণমাধ্যমকর্মীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।
দীর্ঘদিন ধরে পিবিএন নিউজ মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার, সমস্যা, ভোগান্তি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় সাহসিকতার সঙ্গে তুলে ধরে আসছে। পাশাপাশি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রবাসী হয়রানির অভিযোগ নিয়েও সংবাদ প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রবাসীদের আস্থা অর্জন করেছে।
গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে অতীতে বিভিন্ন মহল থেকে পিবিএন নিউজের বিরুদ্ধে অপপ্রচার ও গোপন ষড়যন্ত্রের চেষ্টা করা হলেও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থানের কারণে সেসব প্রচেষ্টা সফল হয়নি।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ হাইকমিশন ও গণমাধ্যমের এই ইতিবাচক যোগাযোগ প্রবাসীদের কল্যাণ, সেবার মানোন্নয়ন এবং দেশের ভাবমূর্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে গণমাধ্যম ও কূটনৈতিক মিশনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে উঠবে।
এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল ইসলাম খানও প্রবাসীদের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও কূটনৈতিক সক্ষমতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধান, সেবা সহজীকরণ এবং জনবান্ধব হাইকমিশন গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।
প্রবাসী সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ হাইকমিশন, গণমাধ্যম এবং প্রবাসী কমিউনিটি একসঙ্গে কাজ করলে মালয়েশিয়ায় বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং প্রবাসীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।

