ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তাজনিত কারণে আরোপিত সব ধরনের বিমান চলাচল সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথ এখন নিরাপদ থাকায় দেশের সব বিমানবন্দর থেকে পুনরায় ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার কর্মকর্তা আবুজার শিরুদি।
তার ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় শেষে বিমান চলাচলের ওপর আরোপিত সব সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক ধারায় ফিরছে।
এর আগে সোমবার সকালে ইসরাইলের বিভিন্ন স্থানে ইরানের সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। সম্ভাব্য প্রতিক্রিয়া এবং আকাশপথের নিরাপত্তা বিবেচনায় ইরান সাময়িকভাবে দেশের সব বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় এবং আকাশসীমাও সীমিত করে। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই বিমান চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় তেহরান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন