ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

উড্ডয়নের আগেই রানওয়েতে আগুনে ধ্বংস বিমান, প্রাণ গেল দুই পাইলটের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০২:৪২ পিএম
ছবি : সংগৃহীত

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকের জনপ্রিয় পর্যটনকেন্দ্র লা রোমানার বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। জরুরি পরিস্থিতির মধ্যে থাকা একটি বিজনেস জেট রানওয়েতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায় বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

রোববার সংঘটিত এ ঘটনায় বিধ্বস্ত বিমানটি ছিল যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি গালফস্ট্রিম জি ২০০ টুইন ইঞ্জিন বিজনেস জেট। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমানটি লা রোমানা থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।

প্রাথমিক তথ্যে জানা গেছে, উড্ডয়নের আগে বিমানটিতে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর সেটি রানওয়ে ধরে নিয়ন্ত্রণহীনভাবে এগোতে শুরু করলে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন। তবে পরিস্থিতি সামাল দেওয়ার আগেই বিমানটিতে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাইলট ও সহ-পাইলট ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে বিস্ফোরণের তীব্রতা দেখে অনেকেই বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে কী ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে ক্রুদের জরুরি ব্যবস্থা নিতে হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানটির ধ্বংসাবশেষ পরীক্ষা করবে এবং ফ্লাইট-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করবে বলে জানা গেছে।