ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

৩৮ বার ‘চুক্তি প্রায় চূড়ান্ত’ ঘোষণা দিয়েও মূল চুক্তিতে পৌঁছাতে পারেননি ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৩:০৩ এএম
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’—এমন দাবি ৩৮ বার করার পরও শেষ পর্যন্ত সতর্ক সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এতে স্পষ্ট হচ্ছে, বহুল প্রত্যাশিত এই চুক্তি এখনো বাস্তবায়নের কাছাকাছি পৌঁছায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আবারও অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। কয়েক ঘণ্টার মধ্যেই বড় ঘোষণা আসতে পারে—এমন ইঙ্গিত দেওয়ার পর রোববার তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে তাড়াহুড়া করবে না; বরং আরও সময় নিয়ে সতর্কভাবে এগোবে।

এর আগে শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে চুক্তির ‘বেশিরভাগ’ অংশ ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী পুনরায় চালুর ইঙ্গিত দেন, যা দ্রুত সমঝোতার সম্ভাবনা তৈরি করেছিল।

তবে রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ভিন্ন সুরে বলেন, আলোচনা ‘সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে’ এগোচ্ছে, কিন্তু সময় যেহেতু যুক্তরাষ্ট্রের পক্ষে, তাই কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হবে না।

বিশ্লেষকদের মতে, এই অবস্থান পরিবর্তনই প্রমাণ করে যে চুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত। এর মধ্যে রয়েছে ইরানের ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ, নিষেধাজ্ঞা শিথিলের প্রশ্ন, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং তেহরানের কট্টরপন্থী সরকারের চূড়ান্ত সম্মতি।

ফলে ধারাবাহিক আশাবাদী বক্তব্য সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দূরত্ব এখনো পুরোপুরি কমেনি। সব মিলিয়ে, সম্ভাব্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।