আসন্ন বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। লিওনেল মেসিদের গ্রুপে থাকা উত্তর আফ্রিকার এই দেশটি বিশ্বকাপ সামনে রেখে তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। আর এই দলে জায়গা করে নিয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ও বিশ্বকাপজয়ী ফুটবলার জিনেদিন জিদানের ছেলে, গোলরক্ষক লুকা জিদান। গত এপ্রিলে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে থুতনি ও চোয়ালে গুরুতর চোট পেয়েছিলেন লুকা। তবে সেই চোট কাটিয়ে ওঠার আগেই আলজেরিয়ার কোচ ভøাদিমির পেতকোভিচ তার ওপর আস্থা রেখেছেন। গত অক্টোবরে অভিষেকের পর আলজেরিয়ার জার্সিতে এখন পর্যন্ত ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জিদানের পুত্র।
বিশ্বকাপের দল ঘোষণায় অভিজ্ঞতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন কোচ পেতকোভিচ। আলজেরিয়া দলে অধিনায়ক রিয়াদ মাহরেজের পাশাপাশি রাখা হয়েছে জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা অভিজ্ঞ ডিফেন্ডার এইসা মান্দি এবং মিডফিল্ডার নাবিল বেনতালেবকে। চোটের কারণে আন্তর্জাতিক ক্যারিয়ারে দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপ দলে ফিরেছেন বেনতালেব। এ ছাড়া চোট কাটিয়ে আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার হুসেম আওয়ার এবং আমিন গুইরি দলে ফেরায় বড় স্বস্তি পেয়েছে আলজেরিয়া শিবির। চোটের কারণে তারা দুজনেই সর্বশেষ আফ্রিকা কাপ অব নেশনস মিস করেছিলেন।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল আলজেরিয়া। দীর্ঘ এক যুগ অপেক্ষার পর এবারই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলতে যাচ্ছে দলটি। গ্রুপপর্বে আর্জেন্টিনা ছাড়াও তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলজেরিয়া, যেখানে ৩ জুন তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং ১০ জুন তারা মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে। এরপর ১৭ জুন কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আলজেরিয়ার বিশ্বকাপ অভিযান।

