দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে দায়ের করা রিট খারিজের সিদ্ধান্তের বিরুদ্ধে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের আপিল শুনানি আজ (১০ ফেব্রুয়ারি) হয়নি।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বিষয়টি ‘নট টু ডে’ ঘোষণা করেছে। আপিল বেঞ্চে ছিলেন অন্যান্য বিচারক।
নাহিদ ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। ড. এম এ কাইয়ুমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। আইনজীবীরা জানিয়েছেন, এই আপিল শুনানি আগামী নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।
এর আগে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে নাহিদ ইসলামের রিট খারিজ করে দেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র ইতোমধ্যে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


