ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

আজ আর্সেনিক বিশেষজ্ঞ ডা. শিবতোষ রায়ের ২৫তম মৃত্যুবার্ষিকী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:০৩ এএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক গবেষক ও চিকিৎসক ডা. শিবতোষ রায়ের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের এই দিনে তিনি রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তার বয়স হয়েছিল ৫১ বছর।

ডা. শিবতোষ রায় সে সময় আর্সেনিক রোগী শনাক্তকরণে গবেষণায় নিয়োজিত ছিলেন। তিনি ঢাকা কমিউনিটি হাসপাতাল, অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছিলেন। দিনাজপুরে কাজ শেষে রংপুরে ফেরার পথে তারাগঞ্জের কাছে দুর্ঘটনার শিকার হন তিনি।

বাংলাদেশে আর্সেনিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে প্রথমসারির যোদ্ধা ছিলেন ডা. শিবতোষ রায়। দেশের ৬৪টি জেলার ৪৬০টি থানার অসংখ্য গ্রামে তিনি সরেজমিন ঘুরে আর্সেনিক আক্রান্ত রোগীদের সেবা দিয়েছেন। তিনি ঢাকা কমিউনিটি হাসপাতালে দায়িত্ব পালনকালে সীমিত পরিসরে বহু আর্সেনিক রোগী চিকিৎসা পেয়েছেন।

তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার গ্রামে। প্রতি বছর ২ জুলাই দিনটি গভীর শ্রদ্ধায় স্মরণ করে ঢাকা কমিউনিটি হাসপাতাল, তার পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা। এদিন তার বাসভবন ও মন্দিরে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়।