ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:০৬ এএম
ছবি : সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষা চলবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী।

সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলো প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্র পরিচালনা এবং পরীক্ষার্থীদের জন্য একাধিক নির্দেশনা জারি করেছে। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ লাখ ৮৬৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হওয়া এবারের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁস রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারা দেশে মোট ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টি রাজধানী ঢাকায়। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্র ব্যবস্থাপনা, প্রশ্নপত্র বিতরণ, কক্ষ তদারকি, ক্যালকুলেটর ব্যবহার এবং ডিজিটাল নজরদারিসহ মোট ৩৫টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

নির্দেশনা অনুযায়ী, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষপরিদর্শক দায়িত্ব পালন করবেন। তবে কোনো পরীক্ষাকক্ষে দুজনের কম কক্ষপরিদর্শক রাখা যাবে না। এছাড়া পাঁচ ফুট বাই ছয় ফুট বেঞ্চে সর্বোচ্চ দুজন এবং চার ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষার দিন ট্যাগ অফিসার ও পুলিশের পাহারায় প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানো হবে। নির্ধারিত সেট কোড পাওয়ার পরই প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে। নির্ধারিত সেটের বাইরে অন্য কোনো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি জানিয়েছে, প্রশ্নফাঁস ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবুও কোনো কারণে প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটলে সারা দেশের ওই দিনের পরীক্ষা স্থগিত করে নতুন তারিখে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।