ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ট্রান্সফরমার বিকল

চার দিন ধরে অন্ধকারে প্রায় ৫০ হাজার মানুষ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:১৩ এএম

 

লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় ২২ হাজার গ্রাহক চার দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। গত সোমবার বয়ে যাওয়া ঝড় ও বজ্রপাতে পল্লী বিদ্যুতের একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এ বিপর্যয় সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়-বজ্রপাতে আদিতমারী-২ সাব-স্টেশন (হাজীগঞ্জ)-এর ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন প্রধান ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে। এতে দুই উপজেলার কমলাবাড়ী, পলাশী, ভেলাবাড়ী, গোড়ল, চলবলা ও দুর্গাপুর ইউনিয়নের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ৫০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। প্রায় ৯২ ঘণ্টা পার হলেও এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। কৃষকেরা খেতে সেচ দিতে পারছেন না। মোবাইল ফোন চার্জ দিতে না পারায় যোগাযোগব্যবস্থাও ব্যাহত হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। প্রচ- গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে, এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীরাও পড়াশোনায় ব্যাঘাতের মুখে পড়েছে।

আদিতমারী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুহাম্মদ আব্দুল ফাত্তাহ বলেন, ‘বজ্রপাতে ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি বিকল হয়ে প্রায় ২২ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ঢাকা থেকে নতুন ট্রান্সফরমার আনা হয়েছে এবং প্রতিস্থাপনের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।’ আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, বিদ্যুৎ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।