ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

র‌্যাগিংয়ের অভিযোগে ৭২ শিক্ষার্থীকে শোকজ

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:০৭ এএম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (হাবিপ্রবি) র‌্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ২৫ ও ২৬ ব্যাচের মোট ৭২ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বিশ^বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে ক্যাম্পাসসংলগ্ন বিসিএস গলি, কর্ণাই, বিশ^বিদ্যালয়ের পুকুরপাড় এবং বিভিন্ন আবাসিক মেসে র‌্যাগিংয়ের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় প্রক্টরিয়াল টিম। প্রাথমিক তদন্তে র‌্যাগিংয়ের অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিটি ঘটনায় উপস্থিত ২৫ ও ২৬ ব্যাচের শিক্ষার্থীদের শোকজ করা হয়। নোটিশে অভিযুক্ত শিক্ষার্থীদের ৭ কর্মদিবসের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করে লিখিত জবাব দিতে বলা হয়েছে। শোকজপ্রাপ্তদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২৬ ব্যাচের ২৬ জন ও ২৫ ব্যাচের ১৩ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২৬ ব্যাচের ২১ জন ও ২৫ ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২৫ ও ২৬ ব্যাচের একজন করে শিক্ষার্থী রয়েছেন। এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, ‘র‌্যাগিংয়ের অভিযোগে ৭০ জনের বেশি শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। এখনো তাদের লিখিত জবাব পাওয়া যায়নি। অভিযুক্তদের জবাব সন্তোষজনক না হলে বিশ^বিদ্যালয় প্রশাসন বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’