ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:১৬ এএম
ব্রাজিল শিবির। ছবি : সংগৃহীত

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ১৬-র লড়াইয়ের আগে বড় স্বস্তি পেল ব্রাজিল। ডান উরুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনহা। গ্রুপ পর্বে ইনজুরিতে পড়া ২৯ বছর বয়সী এই তারকা নিউ জার্সিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন।

পেশির চোটের কারণে এবারের মৌসুমে এটি তার পঞ্চম ইনজুরি। তাই কোচ কার্লো আনচেলত্তি ও মেডিকেল টিম তাকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। লুকাস পাকেতাও বর্তমানে ইনজুরিতে থাকায় রাফিনহার ফেরার খবরটি ব্রাজিল শিবিরে স্বস্তি এনেছে। অনুশীলনে তার শরীর ইতিবাচক সাড়া দিলে নক-আউট পর্বেই মাঠে দেখা যেতে পারে এই তারকাকে। শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে মুখোমুখি হবে ৫ জুলাই। এই ম্যাচে ব্রাজিল জিতলে শেষ আটে তাদের খেলতে হবে ইংল্যান্ড বা মেক্সিকোর বিপক্ষে। ডিআর কঙ্গোকে হারিয়ে ইংল্যান্ড আর ইকুয়েডরকে হারিয়ে মেক্সিকো উঠেছে শেষ ষোলোতে।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ড এখনো হোঁচট খায়নি। বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে শুরুতে গোল হজম করেও শেষ ১৫ মিনিটে দুই গোল দিয়ে জিতেছে তারা। দলের মূল তারকা হ্যারি কেন ৪ ম্যাচে গোল করেছেন ৫টি। অন্যদিকে বিশ্বকাপের স্বাগতিক দেশ মেক্সিকো এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো গোলই হজম করেনি। মানে যে দলই উঠুক, ব্রাজিলকে সেরা ফুটবল খেলেই তাদের হারাতে হবে।

সেমিফাইনালে ব্রাজিল পেতে পারে আর্জেন্টিনা, কলম্বিয়া বা সুইজারল্যান্ডের মতো দলকে। তবে সবার আগে ব্রাজিলের নরওয়ে বাধা কাটাতে হবে। আর্লিং হলান্ডের নরওয়ে এবার বিশ্বকাপে নতুন ইতিহাস লিখতে এসেছে। আবার ইতিহাসও নরওয়ের পক্ষে। ব্রাজিল এখন পর্যন্ত নরওয়েকে হারাতেই পারেনি।

১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের কথা ফুটবলপ্রেমীদের হয়তো এখনো মনে আছে। স্তাদ ভেলোড্রোমে গ্রুপ পর্বের সেই ম্যাচে রোনালদো, রিভালদো, কাফুদের নিয়ে গড়া মারিও জাগালোর শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে স্তব্ধ করে দিয়েছিল নরওয়ে।

এর আগে ১৯৮৮ এবং ১৯৯৭ সালের প্রীতি ম্যাচেও একবার জিতেছিল নরওয়ে, অন্যটি হয়েছিল ড্র। এমনকি ২০০৬ সালের শেষ প্রীতি ম্যাচটিও শেষ হয় ১-১ সমতায়। অর্থাৎ, ব্রাজিলের বিপক্ষে চারবারের দেখায় নরওয়ের জয় দুটি, বাকি দুটি ড্র। এবার কী হবে?