বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া এক হাজার ৩১১ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ৭৮০ জন এবং কলেজের ৫৩১ জন শিক্ষক রয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জুলাই মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক অংশ নেন।
সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, স্কুলের ৭৮০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৭৯, চট্টগ্রামের ৫৮, কুমিল্লার ৭০, ঢাকার ১৬২, খুলনার ৪৬, ময়মনসিংহের ৭৭, রাজশাহীর ১৫২, রংপুরের ১০১১ এবং সিলেটের ৩৫ জন।
কলেজের ৫৩১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৩, চট্টগ্রামের ২৩, কুমিল্লার ১৭, ঢাকার ১৩৬, খুলনার ৯০, ময়মনসিংহের ৪০, রাজশাহীর ১০৫, রংপুরের ৫২ এবং সিলেটের ২৫ জন রয়েছেন।
এ ছাড়াও বিএড স্কেল দেওয়া হচ্ছে দুই হাজার ৩০৯ জনকে এবং উচ্চতর স্কেল দেওয়া হচ্ছে এক হাজার ২৮ জনকে।

