ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

বললেন শিক্ষামন্ত্রী

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের  গবেষণার মান বাড়াতে হবে 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:১১ এএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা চাই তৈরি পোশাক খাতে সেরা রপ্তানিকারক দেশ হতে। এ জন্য টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান আরও বাড়াতে হবে। দেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে নিতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির বিকল্প নেই।

গতকাল বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের (বুটেক্স) ৫২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং টেক্সটাইল খাতকে বিশ্বে আরও এগিয়ে নিতে টেক্সটাইলসের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আগামী দিনে এই খাতে দেশকে নেতৃত্ব দেবে। 

মন্ত্রী আরও বলেন, ‘আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে আমরা রপ্তানি খাতে এগিয়ে যেতে পারব, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।’ 

প্রধানমন্ত্রী শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, বিশেষ করে কারিগরি সেক্টরে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে হবে। এ জন্য শিক্ষার উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার মিড ডে মিল, বিনা মূল্যে স্কুল ড্রেসের ব্যবস্থা করছে। পাশাপাশি  শিক্ষাকে আনন্দময় করে তুলতেও কাজ চলছে।’ 

২০২৭ সালে কারিকুলাম পরিমার্জন এবং ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন সময়ের অপচয় না হয়, সে লক্ষ্যে কাজ চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। ‘কারণ শিক্ষাজীবনে সময়ের অপচয় হলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধায় আমরা পিছিয়ে যাব।’ মন্তব্য করেন মন্ত্রী। 

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বুটেক্সের ৬৩০ নবীন শিক্ষার্থীকে বরণ করা হয়।