ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

প্রেমঘটিত বিরোধ

মামাতো বোনের স্বামীর বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:৪৯ এএম

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে প্রেমঘটিত বিরোধের জের ধরে সদ্য পালিয়ে বিয়ে করা এক দম্পতির বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত সোমবার রাত ২টার দিকে ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের মোস্তফা মিয়ার নতুন বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ঘরসহ ভেতরের যাবতীয় আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী মো. বাহার উদ্দিনের মেয়ে বিবি রাবেয়া রিতুর সঙ্গে প্রতিবেশী মো. মোস্তফার ছেলে মো. আরিফের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অমত থাকায় গত ২১ মে তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় রিতুর পরিবার সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পরবর্তীতে গত ১৪ জুন চট্টগ্রামের খুলশী এলাকা থেকে র‌্যাব তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ভুক্তভোগী আরিফের মা ফাতেমা বেগম অভিযোগ, রিতুর ফুফাতো ভাই সাগর দীর্ঘদিন ধরেই তাদের পরিবারকে হুমকি দিয়ে আসছিল। তিনি বলেন, ‘সাগর আমাদের এলাকা ছাড়া করার হুমকি দিয়েছিল। প্রাণভয়ে গত এক মাস ধরে আমরা বসতঘরে তালা দিয়ে আমার বাপের বাড়িতে থাকছিলাম। এরই মধ্যে পরিকল্পিতভাবে সাগর আমাদের ঘরে আগুন দিয়েছে।’

রিতুর ভাষ্যমতে, তার ফুফাতো ভাই সাগর তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন। আরিফের সঙ্গে বিয়ের পর থেকেই সাগর ক্ষুব্ধ ছিল এবং বিভিন্ন সময় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছিল।

অন্যদিকে, রিতুর বাবা মো. বাহার উদ্দিনের দাবি, তিনি তার ভাগিনা সাগরকে লালন-পালন করলেও তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তিনি বিষয়টিকে পরিকল্পিত মিথ্যা অভিযোগ বলে দাবি করেন।

স্থানীয়রা জানান, সোমবার রাত ২টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি এখন নিরাশ্রয় হয়ে পড়েছে।

সুধারাম মডেল থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।