রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটে ইউরেনিয়াম লোডিংয়ের পর পরীক্ষামূলক কার্যক্রম চলার সময় কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে কেন্দ্রটির পরীক্ষামূলক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ত্রুটিটি ছোট এবং এটি দ্রুত মেরামত করা হচ্ছে বলে জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) প্রকল্পের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সৈকত আহমেদ।
তিনি বলেন, শুক্রবার (১২ জুন) বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে ‘কোল্ড রান’ বা শীতলীকরণ পরীক্ষার সময় সিস্টেমে চাপ প্রয়োগের পর্যায়ে এ ত্রুটি ধরা পড়ে। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে কার্যক্রম বন্ধ করা হয়।
সৈকত আহমেদ বলেন, সমস্যাটি বড় নয়। মেরামতের কাজ চলছে। এটি ঠিক হলে আবার পরীক্ষা শুরু করা হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বিষয়টি জানে।
তিনি বলেন, এই ধরনের পরীক্ষামূলক পর্যায়ে ছোটখাটো সমস্যা হওয়া স্বাভাবিক এবং এতে উদ্বেগের কিছু নেই।
জ্বালানি লোডিংয়ের আগের পরীক্ষায় রিঅ্যাক্টর কুলিং পাম্পে (আরসিপি) ত্রুটি ধরা পড়েছিল, যার কারণে কিছুদিন কার্যক্রম বন্ধ ছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রসাটমে’র এক প্রতিনিধি বলেন, এ ধরনের সমস্যা পরীক্ষামূলক পর্যায়ে স্বাভাবিক। এই ধাপের মূল উদ্দেশ্যই হলো ত্রুটি খুঁজে বের করে তা ঠিক করা।
তিনি বলেন, সব পরীক্ষা সফলভাবে শেষ হলে পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন