ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৮:৪০ এএম
ভাসমান মরদেহ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) ডোবার পানিতে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলার প্রত্যন্ত এলাকা দড়িয়াপুর গ্রামের পাটগুদামের পাশে ডোবার পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দড়িয়াপুর গ্রামের পাশে একটি পাটগুদামের পাশে কচুরিপানাভর্তি একটি ডোবা রয়েছে।

স্থানীয় একজন বিকেলে ডোবার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশের কাছে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিকে কয়েক দিন আগে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।