বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুন উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় লিখিত অভিযোগ করেন, তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করেননি দালাল। অভিযোগটির তদন্তভার দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।
তদন্তের প্রয়োজনে এসআই মোস্তাফিজার রহমান একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বিষয়টি তদন্ত করেন।
তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও প্রবাসীর স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপ পাওয়া যায়। তদন্ত শেষে ১০ জুলাই পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেন। এর পরিপ্রেক্ষিতে ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা শুকুর আলী বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

