ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ চালু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি : সংগৃহীত

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, রাজধানীর বিদ্যুৎ ভবনের ১৪তম তলায় স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষটি সরকারি ছুটিসহ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে।

তবে জরুরি প্রয়োজন দেখা দিলে নির্ধারিত সময়ের পরও মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকবে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০২-৪৭১২০৩০৯ এবং মোবাইল নম্বর: ০১৭৩৯-০০০২৯৩।

আদেশে বলা হয়েছে, ৩১ জুলাই পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনের জন্য বিদ্যুৎ বিভাগের ১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলা হয়, দায়িত্ব পালনকালে কোথাও বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা কোম্পানির ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন ১৬৯৯৯-এর সঙ্গেও সার্বিক যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে।

এ ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিবার্য কারণে নির্ধারিত দিনে দায়িত্ব পালন করতে না পারলে নিজ দায়িত্বে অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।