রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-সংক্রান্ত একটি সাক্ষাৎকারে নিজের সম্পর্কে প্রকাশিত বক্তব্যকে ‘মিথ্যা, অসত্য ও ভিত্তিহীন’ দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন ইব্রাহিম খলিল মিন্টু। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট পত্রিকার কাছে বক্তব্যের পক্ষে প্রমাণ প্রকাশ অথবা সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) সম্পাদক বরাবর পাঠানো এক প্রতিবাদপত্রে তিনি বলেন, একটি সাক্ষাৎকারে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ইশতিয়াক জামান তার সম্পর্কে মন্তব্য করেন যে, ‘ইব্রাহিম খলিল মিন্টুর অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি এসব অভিযোগ এনে ইতিপূর্বে আদালতে চারবার মামলা করে প্রতিটি মামলায় হেরেছেন। ভিত্তিহীন অভিযোগ তুলে আদালতে মামলা করার কারণে আদালতও তাকে ভর্ৎসনা করেছেন।’
এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ইব্রাহিম খলিল মিন্টু বলেন, তিনি কখনোই রোটারি ইন্টারন্যাশনাল, রোটারি ফাউন্ডেশন বা এ-সংক্রান্ত বিষয়ে আদালতে চারটি মামলা করেননি। ফলে ‘চারটি মামলায় পরাজিত হওয়া’ এবং ‘আদালতের ভর্ৎসনার শিকার হওয়া’—এ ধরনের দাবির কোনো বাস্তব ভিত্তি নেই বলে তিনি উল্লেখ করেন।
প্রতিবাদপত্রে তিনি সংশ্লিষ্ট পত্রিকার কাছে সাক্ষাৎকারে উত্থাপিত দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশের আহ্বান জানান। এর মধ্যে কথিত চারটি মামলার মামলা নম্বর, সংশ্লিষ্ট আদালতের নাম, মামলার রায়ের তারিখ এবং আদালতের সেই আদেশের অনুলিপি প্রকাশের অনুরোধ করা হয়েছে, যেখানে তাকে ভর্ৎসনা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
তিনি আরও বলেন, যদি এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা সম্ভব না হয়, তাহলে সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীলতার স্বার্থে একই গুরুত্ব ও একই মাধ্যমে একটি সংশোধনী প্রকাশের পাশাপাশি তার পাঠানো প্রতিবাদপত্র প্রকাশ করা উচিত।
প্রতিবাদপত্রে ইব্রাহিম খলিল মিন্টু বলেন, তিনি বিশ্বাস করেন, সত্য, নিরপেক্ষতা ও তথ্য যাচাইয়ের নীতিকে সমুন্নত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, এই সংবাদটি ইব্রাহিম খলিল মিন্টুর পাঠানো প্রতিবাদপত্রের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সাক্ষাৎকারে উল্লিখিত বক্তব্যের সত্যতা বা অসত্যতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

