চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত ও বিএনপি মনোনীত দুই প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় সিভিল জজ আদালত থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত তারিখ ও সময়ে আদালতে উপস্থিত হয়ে ওই দুই প্রার্থীর পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিভিল জজ ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনি এলাকার নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সবুজ হোসেনের আদালত থেকে এ তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৪ আসনের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজীর পক্ষে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জবাব দেন আইনজীবী কাদের খান। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদের পক্ষে জবাব দেন আইনজীবী নাছির উদ্দিন পাটোয়ারী।
উভয় প্রার্থীর আইনজীবীরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আর কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করবেন না বলে অঙ্গীকার করেন। এ প্রেক্ষিতে বিচারক তাদের অপরাধ থেকে অব্যাহতি দেন।
উল্লেখ্য, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ১৪ জানুয়ারি উক্ত আদালত থেকে এই দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
অভিযোগ অনুযায়ী, উভয় প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়েছিলেন।


