ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০২:১৫ পিএম
ছবি : সংগৃহীত

হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সারের স্মরণে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘চরকি কার্নিভাল’। অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তি পাওয়া বিভিন্ন কনটেন্ট থেকে সেরাদের পুরস্কৃত করা হবে।

এরই মধ্যে ২০২৪ সালের দর্শক পছন্দ বিভাগে মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেখানে ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা কায়সার। তবে তার আকস্মিক মৃত্যুতে তাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “কারিনার অসাধারণ সব কাজ রয়ে গেলেও, তিনি আজ সকল প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই প্রয়াত কারিনা কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে এই বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অসামান্য অবদানকে স্মরণ করে এবারের চরকি অ্যাওয়ার্ডসে আমরা তাকে বিশেষভাবে সম্মান জানাতে চাই।”

এবারের চরকি অ্যাওয়ার্ডসে ২০২৪ সালের দর্শক পছন্দ বিভাগে সেরা ছবির তালিকায় রয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘একগামিতার শেষ রক্ষাকর্তারা’ এবং ‘৩৬-২৪-৩৬’। পাশাপাশি সেরা অভিনেতা-অভিনেত্রী, ধারাবাহিক ও গানসহ বিভিন্ন বিভাগে মনোনয়ন দেওয়া হয়েছে।

চরকির ওয়েবসাইটে গিয়ে গ্রাহকেরা নিজেদের পছন্দের কনটেন্ট ও শিল্পীদের জন্য ভোট দিতে পারছেন। ভোটগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে।