বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আলী জুলফিকার জাহেদী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ ইতালির মর্যাদাপূর্ণ রোম প্রিজমা ফিল্ম অ্যাওয়ার্ডের চলতি আসরে Monthly Pick হিসেবে নির্বাচিত হয়েছে।
রোম প্রিজমা ফিল্ম অ্যাওয়ার্ডস ইউরোপের অন্যতম পরিচিত স্বাধীন চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচিত। উৎসবটির আয়োজকদের তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রের মধ্য থেকে বাছাইকৃত প্রকল্পগুলোকে প্রথম ধাপে Monthly Pick হিসেবে নির্বাচন করা হয়। পরবর্তীতে এসব চলচ্চিত্র বিভিন্ন বিভাগে মনোনয়ন ও পুরস্কারের জন্য বিবেচিত হয়।
‘রক্তছায়া’ একটি মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি মানুষের অপরাধবোধ, মানসিক অস্থিরতা এবং বাস্তবতা ও কল্পনার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের ধারাবাহিকতায় এবার ইতালির এই উৎসবেও চলচ্চিত্রটি নির্বাচিত হওয়ায় নির্মাতা আশাবাদ ব্যক্ত করেছেন।
২০১৮ সালে প্রতিষ্ঠিত রোম প্রিজমা ফিল্ম অ্যাওয়ার্ডস ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয় এবং সারা বিশ্বের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। উৎসবটির বিভিন্ন পর্যায়ের মধ্যে Monthly Picks, Nominees, Winners এবং বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে ‘রক্তছায়া’ যুক্তরাষ্ট্রের Accolade Global Film Competition-এ স্বীকৃতি অর্জন করে এবং Peshawar International Film Festival-এ পুরস্কার লাভ করে। নতুন এই আন্তর্জাতিক নির্বাচনের মাধ্যমে চলচ্চিত্রটির বৈশ্বিক উৎসব-যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন ঘটল।

