ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

চাঁদপুরে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে মো. রফিক (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর বাজারের পশ্চিমে আনোয়ার হোসেনের বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক দক্ষিণ কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন বাড়িতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্বজনরা জানান, রফিক আজ সকালে প্রবাসী আনোয়ার হোসেনের বিল্ডিংয়ের তৃতীয় তলায় রান্নাঘরের কাজ করছিলেন। অসতর্ক অবস্থায় তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ কালচোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। তিনি বলেন, বিষয়টি জানতে পেরে মরদেহ হস্তান্তরের জন্য লিখিত আবেদন দেওয়া হয়েছে। পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করবে বলে জানা গেছে। রফিকের পরিবারের সদস্যরা মরদেহের সঙ্গে রয়েছেন।