ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটির পাশে ভবন নির্মাণ, বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চকরিয়া খুটাখালীতে ভবন নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল মুহিদ (৩৩) ও মোহাম্মদ ওসমান (১৮) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার খুটাখালী বাজারসংলগ্ন পশ্চিম পাশে মাওলানা মমতাজের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজ করা অবস্থায় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে প্রথমে নির্মাণ শ্রমিক ওসমান মাটিতে পড়ে যায়। পরে মিস্ত্রি মুহিদকেও আহত অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, মাওলানা মমতাজ নামের এক ব্যক্তি পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটির সংলগ্ন বহুতল ভবন নির্মাণ করছেন। নিহত শ্রমিকরা সেই ভবনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তার থাকায় তৃতীয় তলার ছাদ ঢালাই শেষে মিস্ত্রিরা কাজ করতে না চাইলে ভবন মালিক সমস্ত কাজ শেষ না হলে টাকা দিবে না বললে বাধ্য হয়ে মিস্ত্রিরা কাজ করছিল।

নিহত যুবক লাল মুহিদ খুটাখালী মধ্যম গর্জনতলী ৪ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে। এবং ওসমান একই এলাকার আলির জোহারের ছেলে।

চকরিয়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগের আলোকে বাকি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।