জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে আলামিন নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর বাড়িতে অবস্থান নিয়েছেন ফাতেমা (২০) নামে এক নারী। উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর ব্যাপারীপাড়া গ্রামে গত তিন দিন ধরে ওই শিক্ষার্থীর বাড়িতে অবস্থান করছেন তিনি।
আলামিন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং বাঘারচর সিনিয়র আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। ফাতেমা একই এলাকার আমজাদের মেয়ে।
ফাতেমা দাবি করেন, আলামিনের সঙ্গে তার আগে থেকেই সম্পর্ক ছিল। অন্যত্র তার বিয়ে হলেও আলামিনের সঙ্গে যোগাযোগ অব্যাহত ছিল। তার অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে গত ২০ জুলাই আলামিন তাকে নিজের বাড়িতে ডেকে আনেন। পরে আলামিন বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকেই বিয়ের দাবিতে তিনি ওই বাড়িতে অবস্থান করছেন।
আলামিনের বাবা শহিদুল ইসলাম বলেন, মেয়েটির সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক ছিল কি না, তা আমার জানা নেই। তবে মেয়েটি বাড়িতে আসার পর থেকেই আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে গেছে।
এদিকে ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা খোঁজখবর নিয়েছি। প্রাথমিকভাবে জেনেছি, ওই নারীর স্বামী রয়েছে। এরপরও তিনি নিজের চেয়ে কম বয়সী এক শিক্ষার্থীকে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

