ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জুলাই মাসের বেতনের সঙ্গে বাড়তি দুই সুবিধা পাবেন শিক্ষকরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:৫৯ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা চলতি জুলাই মাসের বেতনের সঙ্গে দুটি অতিরিক্ত সুবিধা পাচ্ছেন। জুলাইয়ের বেতন থেকেই তাদের ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট এবং অতিরিক্ত সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া কার্যকর হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, জুন মাসের তুলনায় জুলাই মাসে শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বেশি মূল বেতন পাবেন। একই সঙ্গে আগে যে সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া হতো, তার সঙ্গে আরও সাড়ে ৭ শতাংশ যোগ হওয়ায় এখন থেকে মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া প্রদান করা হবে।

মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানিয়েছেন, চলতি জুলাই মাসের বেতনের সঙ্গেই ৫ শতাংশ ইনক্রিমেন্ট এবং বাড়তি বাড়ি ভাড়ার অর্থ যুক্ত করা হবে। তবে যেসব শিক্ষক-কর্মচারীর বেতন নির্ধারিত সিলিং সীমা অতিক্রম করবে, তাদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট কার্যকর হবে না।

এদিকে জুলাই মাসের এমপিও বিল দাখিলের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মাউশি। নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ২১ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলের মাধ্যমে জমা দিতে হবে।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানপ্রধানকে ইএমআইএসে লগইন করে প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিওর তথ্য সঠিকভাবে নির্ধারণ করে বিল জমা দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারী বেতন না পেলে বা অতিরিক্ত অর্থ পেলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। অতিরিক্ত অর্থ প্রাপ্ত হলে তা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র আইবাসে তথ্য যাচাই শেষে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে। যাদের তথ্য এখনো যাচাই হয়নি বা ত্রুটিপূর্ণ রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে পর্যায়ক্রমে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রতিষ্ঠানপ্রধানকে জুলাই মাসের এমপিও বিল জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে মাউশি।