বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ‘বিরোধী দলের কাজ বিরোধিতা করা। তাদের কোনো ইস্যু নেই। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে। অন্তর্বর্তীকালীন সরকার মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি।
শনিবার (১৮ জুলাই) বিকেলে জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খায়রুল কবির খোকন।
খোকন বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই চেতনা আমরা বুকে ধারণ করি এবং সেটা বাস্তবায়ন করার জন্য ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতাসহ আহতদের সব ধরনের সাহায্য-সহযোগিতা এবং রাষ্ট্রীয়ভাবে যেসব সুযোগ-সুবিধা দেওয়ার কথা, তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যাদের কারণে আজকে মুক্ত বাংলাদেশ পেয়েছি, গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, মতপ্রকাশের স্বাধীনতা পেয়েছি এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই শহীদদের কাছে দেশ, জাতি ও রাজনৈতিক দলগুলো ঋণী।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি ভিপি জলিল, গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

