দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থীসহ তিনজন, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ দুজন, শেরপুরে দুজন এবং নোয়াখালীতে এক সরকারি কর্মকর্তা রয়েছেন। শুক্রবার দিবাগত রাত ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রতিনিধিদের পাঠানো খবরÑ
নরসিংদী : নরসিংদীর শিবপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়। একই দিন পুড়াদিয়া-বেলাব সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় নছিমন উল্টে চালক শাওন নিহত হন। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিজের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে এবং স্বাধীনের বাড়ি একই উপজেলার বাদুয়ারচর পুরানপাড়ায়। শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
একই দিন সকালে পুড়াদিয়া-বেলাব সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় নছিমন উল্টে চালক শাওন নিহত হয়েছ। নিহত শাওন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে। বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, চালক নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নীলফামারী : জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশু ও এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হন।
নিহতরা হলোÑ সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ছেলে জীবন ইসলাম (৭) ও মোজা মিয়ার ছেলে এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম (২০)। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর : জেলার নালিতাবাড়ী উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বালুর স্তূপে ধাক্কা দেওয়ায় চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার ভোরে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ উপজেলার খড়িয়াপাড়া গ্রামের অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) ও সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার যাত্রী শহিদুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, ঢাকা থেকে এসে শ্বশুরবাড়ি যাওয়ার পথে চেল্লাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুর স্তূপে সজোরে ধাক্কা খায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। শনিবার সকালে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
নোয়াখালী : জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়ারপুল বাইপাস সড়কে শনিবার বেলা ১১টার দিকে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম আবদুর রহমান (৩৮)। তিনি বেগমগঞ্জ উপজেলা কৃষি সহকারী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সোনাইমুড়ী উপজেলার পূর্ব অম্বরনগর গ্রামে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সামচ্ছুজামান জানান, সকালে কৃষক কার্ড করার উদ্দেশ্যে যাওয়ার পথে মিয়ারপুর বাইপাস সড়কে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

