ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্লুইসগেটের ইজারা বাতিল, দায়িত্বে স্থানীয় প্রশাসন : স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:২১ পিএম
ছবি : সংগৃহীত

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়ায় ভাঙা বেড়িবাঁধ দ্রুত সংস্কার, দীর্ঘমেয়াদি টেকসই বাঁধ নির্মাণ এবং স্লুইসগেট ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, স্লুইসগেটের ইজারা ব্যবস্থা বাতিল করা হয়েছে। এখন থেকে এ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

শনিবার (১৮ জুলাই) সকালে পেকুয়া উপজেলা পরিষদ মাঠে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মধ্যে ঘর নির্মাণের সামগ্রী ও গৃহস্থালি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। জনগণের নির্বাচিত সরকার হিসেবে মানুষের বিপদ-আপদে সব সময় পাশে থাকব।

তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় পেকুয়া অঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। একই সঙ্গে সমাজের বিত্তবানদেরও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহযোগিতায় পেকুয়ার ২০টি পরিবারের মধ্যে ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ার পূর্ব মেহেরনামা এলাকায় ভাঙা বেড়িবাঁধ ও বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি দ্রুত সংস্কারকাজ শুরুর পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজ নেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সমন্বিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তিনি মেহেরনামা, উজানটিয়া, শিলখালী, মগনামা, রাজাখালী ও টইটং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় পেকুয়ায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় হাজারো পরিবার দুর্ভোগে পড়েছে। তাই ভাঙা বাঁধ দ্রুত সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, প্রতি বছর যেন বাঁধ ভেঙে মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে স্লুইসগেটের ইজারা ব্যবস্থা বাতিল করা হয়েছে। এখন থেকে এর তদারকি ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও আশ্বাস দেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, খাদ্য সহায়তা এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক মোসলেন উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা যুবদল ও মহিলা দলের নেতাকর্মী, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।