ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ জুন থেকে দেশজুড়ে মার্কিন হামলায় এখন পর্যন্ত ৫০ জন শহীদ এবং ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কেন্দ্রের প্রধান হোসেইন কারমানপুর জানান, নিহতদের মধ্যে পাঁচজন নারী এবং ১৮ বছরের কম বয়সী দুই শিশু রয়েছে। আহতদের মধ্যে ৩২ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত ২৮টি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আহতদের মধ্যে ৪৬০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন এবং বর্তমানে ৩৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
ইরানের দাবি, ৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র দেশটির ভূখণ্ডের বিরুদ্ধে একাধিকবার হামলা ও লঙ্ঘন চালিয়েছে। দেশটির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামিক প্রজাতন্ত্রকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযানের সর্বশেষ পর্বে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও এসব লঙ্ঘন অব্যাহত রয়েছে।
এছাড়া, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে ইরান দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই সমঝোতার প্রথম ধারায় সব ধরনের আগ্রাসন বন্ধের সুস্পষ্ট নির্দেশনা ছিল।
ইরান আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র অবৈধ পথে চলাচলকারী জাহাজগুলোকে এসকর্ট করে হরমুজ প্রণালীতে ইসলামী প্রজাতন্ত্র নির্ধারিত বৈধ সামুদ্রিক পথ এড়িয়ে চলতে সহায়তা করছে।
তেহরানের দাবি, হরমুজ প্রণালিতে অবৈধ জাহাজ চলাচলে সমর্থনসহ প্রতিটি লঙ্ঘনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

