ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:২৫ এএম
মো. শিশির। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শিশির (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. তাজ (১৮) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) রাত আটটার দিকে আতাহার বুলনপুরের মেসার্স মুনজুর অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশির চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমতলা এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একটি ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী শিশির ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পুলিশ নিহত শিশিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত তাজকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের মরদেহ মর্গে রাখা আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।