উপকূলীয় এলাকার পানিবন্দি মানুষের দুর্ভোগ কমাতে এখন থেকে স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে স্থানীয় প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের বদলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এই দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় জনপদকে রক্ষায় সরকার টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
শনিবার (১৮ জুলাই) বিকেলে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার কোনাখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের পথ সুগম করতে বন্ধ থাকা খালের মুখে স্লুইসগেট নির্মাণ করা হচ্ছে। অনেক অসাধু ব্যক্তিরা বন্যার সময় স্লুইসগেট বন্ধ করে মানুষের দুর্ভোগ তৈরি করে, এটি ঠিক নয়। অল্প মাছের জন্য হাজার হাজার মানুষ পানিবন্দী তাকে আগামীতে এসব করতে দেওয়া হবে না। মানুষ যেন চাষ করতে পারে, সেই লক্ষ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সময়ে সংস্কার করা হবে।
কোনাখালীতে ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মাতামূহুরী উপজেলা বিএনপি সহ-সভাপতি মেজবাহ উদ্দিন বেলাল মিয়ার কবর জিয়ারত করেন। পরে বিএমচরের খজন্নি ঘোনা,পূর্ব বড় ভেওলার ঈদমনি, সাহারবিলের রামপূর ষ্টেশনে ত্রাণ বিতরণ করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের তাদের আর্তনাদ মন দিয়ে শোনেন। দুই দিনের সফরে শুক্রবার তার নির্বাচনি এলাকা চকরিয়া,মাতামুহুরী ও পেকুয়ায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

