ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০২:২৮ এএম
পরীক্ষা কেন্দ্র। পুরনো ছবি

বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের সব অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীন এইচএসসি ও সমমান, আলিম, এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনুষ্ঠিত হবে না।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের মতামত এবং ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের অসুবিধা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি চট্টগ্রাম বোর্ডের আওতাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট জেলার অবশিষ্ট পরীক্ষাগুলোও স্থগিত থাকবে। নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তবে অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বোর্ডের আওতাভুক্ত জেলা ব্যতীত অন্যান্য জেলার পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।