ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা ছাত্রীর বিরুদ্ধে জিডি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের সময় ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।

জিডির তথ্য অনুযায়ী, মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে আবেদনটি করেন। সেখানে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছে। ফলে তিনি আর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারেরও কোনো অধিকার তার নেই।

জিডিতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনের বিষয়ে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। কলেজের দাবি, শিক্ষার্থী না হয়েও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছে মাইলস্টোন কলেজ।