ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৭১

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি : সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ১৭১ জন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। ফলে হাম এবং হামের উপসর্গ উভয় কারণে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯ জনে।

এদিকে, গত একদিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৯৭ শিশু এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯৭৪ জন। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪১ শিশু, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৫ জন।