জুলাই গণহত্যার বিচার ও শহীদদের স্মরণে কফিন মিছিল ও সংহতি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি।
সংগঠনটির প্রচারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে। জুমার নামাজের পর অনুষ্ঠিতব্য কফিন মিছিলে অংশ নিতে শিক্ষার্থী, তরুণ সমাজ এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হবে।
সংগঠনটির প্রেস ও মিডিয়া সম্পাদক জাবের বিন নূর জানান, কফিন মিছিল শেষে একটি সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিচার দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

